উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)। আগামী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চার শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ এই ম্যারাথন।
মূলত অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা উৎসাহিত করতেই এই আয়োজন।
শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ ম্যারাথন শুরু হবে।
লিপিড সোসাইটি অব বাংলাদেশের সায়েন্টিফিক সেক্রেটারি ও মিডিয়া টিমের আহ্বায়ক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে অনেক রোগ থেকে মুক্তি মেলে। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই প্রায় চার শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির লক্ষ্য ও প্রেক্ষাপট সম্পর্কে লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) একটি অলাভজনক ও গবেষণাধর্মী সংগঠন। দেশের জনপ্রিয় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে এটি গঠিত হয়েছে। তিনি আরও জানান, রক্তে চর্বির আধিক্য– চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ‘ডিসলিপিডেমিয়া’, হৃদরোগ ও স্ট্রোকের জন্য দায়ী। ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে এ রোগগুলো প্রতিরোধ করা যায়। এটা নিয়েই কাজ করে লিপিড সোসাইটি বাংলাদেশ।
সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শোয়েব মোমেন মজুমদার জানান, ডিসলিপিডিমিয়া নিয়ে এলএসবি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ পাবলিশ করেছে। বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান এটি নিয়ে এত কাজ করে নাই। এর পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোক নিয়ে জনসচেতনতায় কাজ করছে এলএসবি। ইতিমধ্যে চিকিৎসকদের অংশগ্রহণে চারবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

