দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম শাতিলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
সোমবার (১৮ মে) স্থানীয় সময় বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে এই অনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সফর উপলক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে জামায়াতে ইসলামীর প্রচার সেল থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীসহ সব প্রবাসী কর্মীদের (রেমিট্যান্স যোদ্ধা) মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এই প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন।
এছাড়া, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে কীভাবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কমার্সিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ঐক্য পরিষদের সদস্য ও ব্যবসায়ী এম আই ছোটন।

