Homeসারাদেশচোখের সামনে কষ্টের ফসল ডুবে যাচ্ছে

চোখের সামনে কষ্টের ফসল ডুবে যাচ্ছে

টানা তিন দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের নিম্নাঞ্চল। বোরো ধান কাটার যে উৎসব চলছিল, সেই আনন্দে হঠাৎ ছন্দপতন ঘটিয়েছে এই বৃষ্টি। বিশেষ করে জেলার অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে খোয়াই নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালি ধানখেত। ফলে কৃষকের স্বপ্নের ফসল এখন ডুবে যাচ্ছে পানির নিচে।

অতিবৃষ্টির কারণে শুধু ফসলি জমি নয়, ধান শুকানোর খলাতেও পানি জমেছে। এতে ধান মাড়াই ও সংরক্ষণেও দেখা দিয়েছে চরম ভোগান্তি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আগামীকালও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা তিন দিনের এই বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ হাওরের নিম্নাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় পানি নামেনি, বরং কোথাও কোথাও আরও বাড়ছে। অষ্টগ্রাম উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুরের হাওর এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমিতে পানি বেড়ে যাওয়ায় যন্ত্র দিয়ে ধান কাটা ব্যাহত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর জমিতে। এ বছর জেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৬৮৬ টন, যার বড় অংশই আসার কথা হাওরাঞ্চল থেকে। এখন পর্যন্ত কৃষকরা হাওরাঞ্চলের ৫০ শতাংশ বোরো ধান কেটেছেন।

অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকার স্থানীয় বেশ কয়েকজন কৃষক বলেন, অতিবৃষ্টিতে আমাদের এলাকার শত শত একর ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জমিতে পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না। চোখের সামনে কষ্টের ফসল ডুবে যাচ্ছে, আমরা অসহায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মধ্যেই একটি প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে। তিনি বলেন, অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকায় খোয়াই নদীর পানি ঢুকে কৃষকের পাকা ধানখেত তলিয়ে গেছে। সোমবার পর্যন্ত হাওরাঞ্চলে প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছিল।

এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এখনো হাওরের পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম বন্যার হাত থেকে বাঁচতে কৃষকরা ধান ৮০ শতাংশ পাকলেই কেটে ঘরে তোলার আগাম সতর্কবার্তা দেওয়া ছিল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments