Homeআন্তর্জাতিকফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের পর স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে আগামী বুধবার স্থানীয় সময় বাদ জোহর টাম্পার ইসলামিক সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ বৃষ্টির মরদেহটি ফিউনারেল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই পিএইচডি শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক প্রয়াণে পুরো ফ্লোরিডা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় গভীর ক্ষোভ ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। কণ্ঠশিল্পী এসআই টুটুল এক প্রতিক্রিয়ায় বলেন, “এমন একটি জঘন্য ঘটনায় আনন্দ-উচ্ছ্বাস সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল।”

এদিকে, নিহত দুই শিক্ষার্থী জামিল ও বৃষ্টির পরিবারের সহযোগিতায় সহপাঠী ও বন্ধুরা ‘গোফান্ডমি’র মাধ্যমে তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, ইতোমধ্যে প্রায় পৌনে দুই লাখ ডলার সংগৃহীত হয়েছে। আয়োজকরা আশা করছেন, প্রতিটি পরিবারকে অন্তত এক লাখ ডলার করে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে এখনও বিরাজ করছে শোকাতুর পরিবেশ; কর্তৃপক্ষ ইতোমধ্যে বিশেষ স্মরণসভার আয়োজন করেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত হিশামকে গ্রেফতারের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কর্তৃপক্ষের কোনো নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন নিহতের সহপাঠী ও কমিউনিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত এপ্রিলের শেষে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments