Homeঅর্থনীতিআইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২৫ শতাংশ

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২৫ শতাংশ

বেসরকারি খাতে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৫০ লাখ টাকা। এই মুনাফা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৩৯ শতাংশ বেশি। ২০২৪ হিসাব বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছিল ৩৬ কোটি ৩২ লাখ টাকা। 

আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আগের হিসাব বছরেও কোম্পানিটি একই হারে নগদ ও স্টক লভ্যাংশ দিয়েছিল।

বিনিয়োগ আয়, সুদ আয়ের বৃদ্ধি, বহুমুখী কৌশলগত পোর্টফোলিও এবং নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এ অর্জনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের বছরে হয়েছিল ৯৩ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৪১ কোটি ৫১ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪৩০। এর ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। সরকারের কাছে রয়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯ দশমিক ১০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক শূন্য ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে বাকি ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments