Homeধর্মদুধভাইয়ের সঙ্গে হজ, ওমরাহ সফরে যাওয়া যাবে?

দুধভাইয়ের সঙ্গে হজ, ওমরাহ সফরে যাওয়া যাবে?

রক্তের সম্পর্কের ভাই না হয়েও যদি কোনো পুরুষ ও নারী একই মায়ের দুধ পান করে থাকেন, তবে ইসলামী বিধান অনুযায়ী তারা একে অপরের দুধভাই-বোন হিসেবে গণ্য হন। দুধভাইয়ের সঙ্গে কোনো নারী হজ বা ওমরাহ পালন করতে পারবেন কি না এবং তারা একই হোটেল রুমে অবস্থান করতে পারবেন কি না?

ফেকাহবিদদের মতে, একজন নারী তার দুধভাইয়ের সঙ্গে ওমরাহ সফরে যেতে পারেন। তবে এই সফরের ক্ষেত্রে অত্যন্ত কঠোর একটি শর্ত জুড়ে দিয়েছেন তারা।

দুধভাই ও বোন একসঙ্গে সফরে গেলেও তাদের জন্য নির্জনে বা একান্তে সময় কাটানো জায়েজ নেই। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যেখানে তাদের দুজনকে লোকচক্ষুর আড়ালে বা কোনো বদ্ধ ঘরে একাকী থাকতে হবে, তবে সেই পরিস্থিতিতে তাদের একসঙ্গে সফরে যাওয়া শরিয়াহ অনুযায়ী বৈধ হবে না।

 

অনেকেই জানতে চান, ওমরাহ পালনকালে খরচ কমাতে বা নিরাপত্তার খাতিরে দুধভাই ও বোন কি একই হোটেল রুমে থাকতে পারবেন? এর উত্তরে ফেকাহবিদরা বলেন, সফরকালীন সময়ে যদি তাদের থাকার ব্যবস্থা একই রুমে হয়, তবে সেই সফর করা জায়েজ হবে না।

ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থ ‘দুররে মুখতার’ ও ‘শামি’-তে বলা হয়েছে, মাহরাম বা আত্মীয়দের সঙ্গে নির্জনে অবস্থান বৈধ হলেও দুধভাই-বোনের বিষয়টি ব্যতিক্রম। এক্ষেত্রে শয়তানের প্ররোচনা ও চারিত্রিক স্খলনের আশঙ্কা বেশি থাকে বলে ফকিহগণ সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আল্লামা বিরি (রহ.)-এর মতে, দুধভাই-বোনের জন্য নির্জনে অবস্থান থেকে বিরত থাকা ওয়াজিব বা আবশ্যক।

তাই দুধভাইয়ের সঙ্গে ওমরাহ করা সম্ভব হলেও তারা এক রুমে অবস্থান করতে পারবেন না। যদি আলাদা রুমে থাকার ব্যবস্থা না থাকে এবং নির্জনে একাকী হওয়ার সম্ভাবনা থাকে, তবে গুনাহ থেকে বাঁচতে এই সফর পরিহার করা ইসলামের বিধান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments