পিরোজপুরে কালবৈশাখি ঝড় ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পৃথক দুর্ঘটনায় পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন। শনিবার (২ মে) এ ঘটনা ঘটে।
মৃত পারুল বালা জেলার ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হলে খালের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত পারুল বালা চার ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান কল দেওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার (ওসি) তদন্ত রত্নস্বর শেখর মন্ডল জানান, ওই নারী গোসল করেতে গিয়েছিল। তখন ঝড়ের কবলে পড়ে একটি গাছচাপায় সে নিহত হয়েছে। তাকে দাফন করা হয়েছে। তার পরিবার যাতে করে সহায়তা পায় সে জন্য আমি ইউএনও স্যারের সঙ্গে কথা বলব।
অন্যদিকে, পিরোজপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় একইদিন দুপুরে আকস্মিক কালবৈশাখি ঝড়ে একটি বাবলা গাছ চলন্ত নসিমনের ওপর ভেঙে পড়ে দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন—নসিমনের চালক সাজিদ ফকির (১৮) ও তার সহযোগী মো. তামিম (১৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

