১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। যার জন্য দল ঘোষণা করেছে রেকর্ড সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই দলে মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২০ বছর বয়সী লুসি হ্যামিল্টন জায়গা পেয়েছেন। এ ছাড়া শক্তিশালী স্কোয়াডে ফিরেছেন গ্রেস হ্যারিস।
১৫ সদস্যের অস্ট্রেলিয়া নারী দলের নেতৃত্বে থাকছেন সোফি মলিনেক্স। সর্বশেষ মার্চে ক্যারিবীয় সফরে না থাকা অভিজ্ঞ তারকা গ্রেস হ্যারিস এবং আনাবেল সাদারল্যান্ডকে ফেরানো হয়েছে বিশ্বকাপ দলে। তবে স্কোয়াডে জায়গা পাননি ডার্সি ব্রাউন। অস্ট্রেলিয়ার এই দলে রয়েছে বেশ কয়েকজন পেস বোলিং বিকল্প। ২০ বছর বয়সী লুসি হ্যামিল্টন থেকে শুরু করে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া অভিজ্ঞ এলিসে পেরি, মেগান শুট এবং কিম গার্থ আছেন দলে।
অস্ট্রেলিয়ার স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন অধিনায়ক সোফি মলিনেক্স। তার সঙ্গে রয়েছেন অ্যালান কিং, অ্যাশলে গার্ডনার এবং জর্জিয়া ওয়ারহ্যাম। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন গার্ডনার এবং তালিয়া ম্যাকগ্রা। আর তালিয়া উইলসনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড
সোফি মলিনেক্স (অধিনায়ক), অ্যাশলে গার্ডনার (সহ-অধিনায়ক), তালিয়া ম্যাকগ্রাথ (সহ-অধিনায়ক), এলিসে পেরি, নিকোলা কেরি, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, আলানা কিং, গ্রেস হ্যারিস, ফোবি লিচফিল্ড, জর্জিয়া ভল, বেথ মুনি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহ্যাম।
ট্রাভেলিং রিজার্ভ : তালিয়া উইলসন।
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নতুন লুসি হ্যামিল্টন। মার্চে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছে তার। এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, সেটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে, এই বছর চারটি টি-টোয়েন্টি ম্যাচে বল করেও কোনো উইকেট নিতে পারেননি ডার্সি ব্রাউন, ফলে তার বদলে সুযোগ পেয়েছেন হ্যামিল্টন।

