আশির দশকের শেষ দিকে চীনের অর্থনীতি যখন কেবল উন্মুক্ত হতে শুরু করেছে, তখন এক দৃঢ়প্রতিজ্ঞ তরুণ ৬০০ জোড়া জুতা নিয়ে বেইজিংয়ের পথে পা বাড়িয়েছিলেন। হাইস্কুলের পাঠ চুকানোর আগেই পড়াশোনা ছেড়ে দেওয়া সেই তরুণের নাম ডিং শিজং। আত্মীয়র কারখানায় তৈরি সেই জুতা বিক্রি করে যে টাকা পেয়েছিলেন, তা দিয়েই গড়ে তোলেন নিজের প্রথম ওয়ার্কশপ। সেখানে অন্য কোম্পানির জন্য জুতা তৈরি শুরু করেন তিনি।
কমিউনিস্ট পার্টির কঠোর নজরদারিতে চীনে যখন পুঁজিবাদের পালে হাওয়া লাগছিল, ১৭ বছর বয়সী ডিং ছিলেন সেই সময়েরই একজন উদীয়মান উদ্যোক্তা। কিন্তু ডিংয়ের পরিকল্পনা ছিল আকাশচুম্বী। তার সেই ছোট্ট ব্যবসা আজ বিশ্ব ক্রীড়াসামগ্রীর বাজারে এক দানবীয় শক্তিতে পরিণত হয়েছে, যার নাম ‘আন্তা’ (Anta)। ইতোমধ্যে আর্কটেরিক্স (Arc’teryx) এবং সলোমন (Salomon)-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে নিজেদের দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি তারা জার্মান ব্র্যান্ড পুমার বড় একটি অংশীদারত্বও কিনে নিয়েছে।
এখন ডিংয়ের লক্ষ্য নাইকি (Nike) এবং অ্যাডিডাসকে (Adidas) টেক্কা দেওয়া। ২০০৫ সালেই তিনি নিজের লক্ষ্য পরিষ্কার করেছিলেন এ বলে— ‘আমরা চীনের নাইকি হতে চাই না, বরং বিশ্বের আন্তা হতে চাই’।
পশ্চিমা বিশ্বে আন্তা এখনো ঘরোয়া নাম হয়ে ওঠেনি ঠিকই, কিন্তু চীনে তাদের ১০ হাজারেরও বেশি দোকান রয়েছে। ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু-র মতো শীর্ষ অ্যাথলেটদের স্পনসর করছে তারা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা বেভারলি হিলসে নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে আন্তা।
ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ বা শুল্ক আরোপের মাধ্যমে কলকারখানার কাজ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তখন আন্তার এ বিশ্বব্যাপী বিস্তার প্রমাণ করে যে ম্যানুফ্যাকচারিং বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে চীনা সাপ্লাই চেইন কতটা অপরিহার্য ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।
জুতা প্রস্তুতকারক থেকে বিশ্বসেরা ব্র্যান্ড
১৯৯১ সালে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে একটি ছোট কারখানা হিসেবে আন্তার যাত্রা শুরু। সরকারের পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে কৃষিপ্রধান জিনজিয়াং দ্রুত বিশ্বের ‘জুতার রাজধানী’তে পরিণত হয়। নাইকি ও অ্যাডিডাসের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলো উৎপাদন খরচ কমাতে এখানে বিনিয়োগ শুরু করে। জিনজিয়াংয়ের চেন্দাই শহরের মাত্র ৪০ বর্গকিলোমিটার এলাকায় গড়ে ওঠে হাজার হাজার কারখানা। ২০০৫ সাল নাগাদ বিশ্বের মোট জুতার প্রায় এক-পঞ্চমাংশই উৎপাদিত হতো ফুজিয়ানে।
ইউনিভার্সিটি অব বাথের সহযোগী অধ্যাপক ফেই কিন বলেন, চীনের এ বিশেষায়িত উৎপাদন ব্যবস্থা বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি। বিদেশি কোম্পানিগুলোর জন্য পণ্য তৈরি করতে গিয়ে চীনারা কেবল উৎপাদনই শেখেনি বরং কীভাবে আরও উন্নত, দ্রুত এবং মানসম্মত পণ্য তৈরি করা যায়, সেই কৌশলও রপ্ত করে ফেলেছে।
২০০৭ সালে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে আন্তা রেকর্ড ৪৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করে। ব্র্যান্ডিং কনসালট্যান্ট ওয়েই কান বলেন, আন্তা শুরু থেকেই পশ্চিমা ব্র্যান্ডগুলোর মতো ক্রেতাদের টার্গেট করে এগোচ্ছিল। তারা শুধু সাব-কন্ট্রাক্টর হিসেবে থাকতে চায়নি বরং নিজেদের একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছিল।

