Homeসারাদেশকালবৈশাখি ঝড়ে স্কুলের গেট ভেঙে পড়ল শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখি ঝড়ে স্কুলের গেট ভেঙে পড়ল শিক্ষার্থীদের ওপর

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে একটি বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে আয়ান চন্দ্র (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আরও চার-পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী শহরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সামনের গেট ভেঙে এমন দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আয়ানের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তার দুই সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের সামনের গেট দিয়ে বের হচ্ছিল। এ সময় গেট ভেঙে পড়ে আয়ান ও অন্য শিক্ষার্থীরা আহত হয়। এর মধ্যে আয়ান গুরুতর আহত হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় বিশেষায়িত চিকিৎসার জন্য রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটি শেষে কয়েকজন শিক্ষার্থী গেটের সামনে অবস্থান করছিল। এ সময় হঠাৎ কালবৈশাখি ঝড় শুরু হলে দারোয়ান গেটটি খুলতে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে যায়। এতে আয়ানের দুই বন্ধু দ্রুত সরে যেতে পারলেও আয়ান গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের উপাধ্যক্ষ সাহনাজ আক্তার বলেন, হঠাৎ কালবৈশাখি ঝড়ের তীব্রতায় নবনির্মিত গেটটি ভেঙে পড়ে যায়। আমাদের দারোয়ান গেটটি ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এতে আয়ান গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত অন্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments