Homeসারাদেশত্রিশালে ধানক্ষেতে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ত্রিশালে ধানক্ষেতে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত দেখতে যাওয়া মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন একই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পাইকারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তারা জানতে পারে, দুর্বৃত্তরা মোতালেব হোসেনকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের ছেলে আলী হোসেন বলেন, আমার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি প্রায়ই ক্ষেত দেখতে যেতেন। সেদিনও একইভাবে গিয়েছিলেন। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা আমরা জানি না।

তিনি আরও বলেন, ঘটনার পর মরদেহের পাশে বাবার মোবাইল ফোন পাওয়া গেছে। কোমড়ে প্যাঁচানো কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকাও অক্ষত ছিল। দুর্বৃত্তরা কিছুই নেয়নি। কী কারণে তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে। তবে তার সঙ্গে থাকা টাকা নেয়নি।
ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশ কাজ করছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments