শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে, যা বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানানো হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ১ টাকা ২১ পয়সা।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ টাকা ২৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ঋণাত্মক ১৭ টাকা ৬৪ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর শেষে যা ছিল ২১ টাকা ৪৭ পয়সা।
ব্যাংকটির লভ্যাংশ অনুমোদান-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।

