Homeতথ্য-প্রযুক্তিব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে আর্থিক পরামর্শ দেবে চ্যাটজিপিটি

ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে আর্থিক পরামর্শ দেবে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিতে নতুন ‘পার্সোনাল ফাইন্যান্স’ টুল চালু করেছে ওপেনএআই। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও বিনিয়োগ অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন।

এই সংযোগ ব্যবস্থাপনার জন্য ওপেনএআই কাজ করছে আর্থিক তথ্য সংযোগসেবা প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১২ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তালিকায় রয়েছে শোয়াব, ফিডেলিটি, চেজ, রবিনহুড, আমেরিকান এক্সপ্রেস ও ক্যাপিটাল ওয়ানের মতো প্রতিষ্ঠান।

অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর চ্যাটজিপিটিতে একটি আলাদা ড্যাশবোর্ড দেখা যাবে। সেখানে বিনিয়োগের পারফরম্যান্স, মাসিক খরচ, সাবস্ক্রিপশন এবং আসন্ন বিল বা পেমেন্টের তথ্য এক জায়গায় দেখা যাবে। ব্যবহারকারীরা এরপর স্বাভাবিক ভাষায় প্রশ্ন করতে পারবেন।

যেমন- কেউ জানতে চাইতে পারেন, “সম্প্রতি কি আমার খরচ বেড়েছে?” অথবা “আগামী পাঁচ বছরে এই এলাকায় বাড়ি কেনার জন্য কীভাবে সঞ্চয় পরিকল্পনা করা উচিত?” চ্যাটজিপিটি তখন সংযুক্ত আর্থিক তথ্য বিশ্লেষণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে।

ওপেনএআই জানিয়েছে, প্রতি মাসে ২০ কোটির বেশি ব্যবহারকারী ইতিমধ্যে চ্যাটজিপিটিকে অর্থ ও ব্যক্তিগত আর্থিক বিষয়ক প্রশ্ন করেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন এই টুল তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন জিপিটি–৫.৫ মডেল প্রসঙ্গভিত্তিক বিশ্লেষণে আরও দক্ষ। ফলে আর্থিক তথ্য বোঝা ও বিশ্লেষণে এটি আগের চেয়ে ভালো কাজ করতে পারবে।

নতুন এই ফিচার চালুর আগে গত এপ্রিলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা–সংক্রান্ত স্টার্টআপ ‘হিরো’র টিমকে অধিগ্রহণ করে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হিরো দলের আর্থিক প্রযুক্তি সংক্রান্ত অভিজ্ঞতা নতুন পণ্য তৈরিতে সহায়তা করেছে।

ওপেনএআই আরও জানিয়েছে, ভবিষ্যতে তারা ইনটুইটের মতো সেবাও যুক্ত করবে। এতে কর হিসাব, শেয়ার বিক্রির প্রভাব বা ক্রেডিট কার্ড অনুমোদনের সম্ভাবনার মতো আরও জটিল আর্থিক বিশ্লেষণ করা সম্ভব হবে।

তবে ব্যক্তিগত আর্থিক তথ্য ব্যবহারের কারণে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে। এ বিষয়ে ওপেনএআই বলেছে, ব্যবহারকারীরা যেকোনো সময় নির্দিষ্ট অ্যাকাউন্টের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন। সংযোগ বিচ্ছিন্ন করার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্য চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হবে। ব্যবহারকারীরা চাইলে আর্থিক তথ্যভিত্তিক স্মৃতিও আলাদাভাবে মুছে দিতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments