শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ৭৩০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই হিসেবে প্রতি শেয়ারের বিপরীতে ১৭৩ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
আগের বছরের তুলনায় এই লভ্যাংশ প্রায় অর্ধেকে নেমেছে। ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি মোট ৩৩০০ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ৩৩৩ টাকা নগদ লভ্যাংশ দিয়েছিলো।
রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। এইসঙ্গে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে রেকিট বেনকিজারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭২ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৯ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫৮ পয়সায়।
এদিকে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ টাকা ৪৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৮৫ পয়সায়।

