বৈভব সূর্যবংশী—বোলারদের কাছে নামটা এখন আতঙ্কের। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিং নিয়ে চারপাশে যখন বিস্ময়, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিচিত্র গুঞ্জন ডালপালা মেলছে।
ক্যারিয়ারের প্রথম ২৬ টি-টুয়েন্টিতে ৪টি সেঞ্চুরি করে ফেলা এই কিশোর তারকার ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই চিপ’ লুকানো আছে কি না—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেউ কেউ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সূর্যবংশী নিজেই।
সম্প্রতি রাজস্থান রয়্যালসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সূর্যবংশীকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘তোমার ব্যাটে কি সত্যিই কোনো এআই চিপ আছে?’ বিহার থেকে উঠে আসা রাজস্থানের এই ব্যাটসম্যান মুখে হাসি নিয়ে জবাব দেন, ‘ভগবান লাগিয়ে দিয়েছেন। ওপর থেকেই তিনি বলে দিয়েছেন যে তোমার ব্যাটে আমি কিছু একটা সেট করে দিচ্ছি। আমি শুধু সেটারই ব্যবহার করছি।’
গুঞ্জনের শুরু যেভাবে
সূর্যবংশী কী খেয়ে ব্যাট করেন, তাঁর ব্যাটে আসলে কী আছে—এমন নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ওঠে। ম্যাচের পর ম্যাচ বাঁহাতি এই ব্যাটসম্যান যত বিস্ময়কর ইনিংস খেলতে থাকেন, তত এসব আলোচনা বাড়তে থাকে। গত সপ্তাহে সূর্যবংশী হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করার পর ‘এআই চিপের’ বিষয়টি উঠে আসে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক ড. নোমান নিয়াজের মন্তব্যে।
সূর্যবংশীর অতিমানবীয় ব্যাটিং দেখে তিনি রসিকতা করে বলেছিলেন, এই কিশোরের ব্যাট পরীক্ষা করা উচিত এবং তাকে ল্যাবে পাঠানো দরকার। যেভাবে ডোপ টেস্ট করা হয় সেভাবেই। তিনি দাবি করেন, সূর্যবংশীর ব্যাটিং এতটাই ‘বাস্তবতার ওপরে’ যে তার ব্যাটে নিশ্চিতভাবেই কোনো এআই চিপ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য ভাইরাল হয়ে যায়।
সূর্যবংশী যেভাবে ব্যাটিং করেন, সেটাকে এখন অবিশ্বাস্য বলেও বোঝানো কঠিন। একটা পরিসংখ্যানে বিষয়টি আরও স্পষ্ট হবে। ২০ বছরে পা রাখার আগে স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা সূর্যবংশীর, ৯৯টি।
২০ বছরে পা রাখার আগে স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা সূর্যবংশীর, ৯৯টিরাজস্থান রয়্যালস
দ্বিতীয় সর্বোচ্চ আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের, ৯০টি। ৭৩টি ছক্কা মেরে তৃতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস। মজার ব্যাপার হলো, সূর্যবংশী ২০ বছরে পা রাখবেন ২০৩১ সালে। অন্যদের সঙ্গে এই কিশোরের সামর্থ্যের পার্থক্যটা এতেই বোঝা যায়।
এবারের আইপিএলে সেঞ্চুরির পথে টি-টুয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বলে (৪৭৩ বলে) ও কম বয়সে ১০০০ রানের মালিকও হয়েছেন।

