Homeখেলাধুলা১৫ বছর বয়সী কাউকে জীবনে এত ভয় পাননি কিউই তারকা!

১৫ বছর বয়সী কাউকে জীবনে এত ভয় পাননি কিউই তারকা!

রাজস্থান রয়্যালসের তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। ভারতীয় এই ১৫ বছর বয়সী ব্যাটার বিশ্বের বাঘা বাঘা ও অভিজ্ঞ তারকাদের ভিড়েও আইপিএলে আলাদা খ্যাতি অর্জন করেছেন। বৈভব হরহামেশা-ই দখল করেন আলোচনার কেন্দ্রবিন্দু। তরুণ এই ক্রিকেটারের সামনে এখন তটস্থ থাকতে হচ্ছে বিশ্বসেরা বোলারদের। এর আগে ১৫ বছর বয়সী কাউকে এতটা ভয় পাননি বলে সরল স্বীকারোক্তি দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন।

গত শুক্রবার দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে মাত্র ৪ রান করে বোল্ড হয়ে যান সূর্যবংশী। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে আউট করে জেমিসন জোরে তালি দিতে দিতে তরুণ ব্যাটারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আক্রমণাত্মক উদযাপন করেন। যার জন্য শাস্তিও পেয়েছেন এই কিউই পেসার। আইপিএলের আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় জেমিসনকে একটি ডিমেরিট পয়েন্ট এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সেদিন সূর্যবংশী চড়াও হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরতে হলো, কিন্তু তবুও কেন তার ওপর এত ক্ষিপ্ত ছিলেন জেমিসন? পরে দিল্লির এই নিউজিল্যান্ড পেসার স্বীকার করেছেন, ১৫ বছর বয়সী এক ক্রিকেটারের সামনে তিনি সত্যিই ভীত হয়ে পড়েছিলেন। যা তার পুরো ক্যারিয়ারে আগে কখনও ঘটেনি। জেমিসন বলেন, ‘আমার মনে হয় না জীবনে কখনও কোনো ১৫ বছরের ছেলেকে দেখে এতটা ভীত ছিলাম। তবে হ্যাঁ, ম্যাচের আগে আমরা কিছু পরিকল্পনা করেছি, আর সেটা কাজে লাগায় ভালোই লেগেছে।’

দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও সূর্যবংশী যেন প্রতিপক্ষ শিবিরে আতঙ্কের নাম। এই ওপেনিং জুটির গুরুত্ব আগে থেকেই উপলব্ধি করছিলেন জেমিসনরা, ‘বেশিরভাগ দলই রাজস্থানের বিপক্ষে খেলতে গিয়ে দেখে, তাদের প্রথম দুই ব্যাটারই দলকে দারুণ সূচনা এনে দেয়। (মিচেল) স্টার্কি পুরোনো স্টাইলে হাই ফুল টস দিয়ে একটি উইকেট নেয়, আর আমি ইয়র্কারে আরেকটি। পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট তুলে নিয়ে রান প্রবাহ কিছুটা থামাতে পারাটা ভালো ছিল।’ ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় রাজস্থান।

ওই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ান তারকা স্টার্ক তিন মাসেরও বেশি বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। সেই ম্যাচে ৪০ রানে ৩ উইকেট নিয়ে প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি। দিল্লির জয়ে অবদান রাখা স্টার্কের সঙ্গে একত্রে বল করার অনুভূতি জানিয়ে কিউই পেসার বলেন, ‘সে বিশ্বমানের বোলার। দলে এমন কাউকে পেলে সেটা বড় সুবিধা। সে সঠিক সময়েই এসেছে। পয়েন্ট টেবিলে এগোতে আমাদের গতি দরকার ছিল। তার সঙ্গে নতুন বলে বল করা দারুণ অভিজ্ঞতা, সত্যিই অবিশ্বাস্য।’

প্রসঙ্গত, গত আইপিএলে অভিষেকে চমক সৃষ্টি করা সূর্যবংশী এবার দারুণ ধারাবাহিক। ১০ ম্যাচে ২৩৭.৬৪ স্ট্রাইকরেট এবং ৪০.৪০ গড়ে বাঁঁ-হাতি এই ব্যাটার ৪০৪ রান করেছেন। টুর্নামেন্টের সেরা রানসংগ্রাহকের তালিকায় এই মুহূর্তে তার অবস্থান চতুর্থ। এর আগে একাধিকবার ব্যাটারদের শীর্ষে উঠেছিলেন সূর্যবংশী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments