পরনে অগোছালো একটি সাদা ট্যাংক টপ, নীলচে সবুজ হাফপ্যান্ট এবং পায়ে পর্যটকদের মতো একটি সাধারণ স্যান্ডেল। গালভর্তি উসকোখুসকো দাড়ি। মাথায় চুলও নেই খুব একটা। একেবারেই সাদামাটা চেহারা। কয়েক বছর আগে গনসালো হিগুয়েইনকে যেভাবে দেখেছিলেন তার ভক্তরা, সবশেষ ছড়িয়ে পড়া ছবিতে এক ভিন্ন ‘পিপিতা’র দেখা পাওয়া গেল।
এক ভক্তের সঙ্গে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের ছবি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়া সরঞ্জামের দোকানে তোলা ৩৮ বছর বয়সীর ছবি দেখে ভক্তরা একেবারে হতভম্ব।
এক্স-এ ছড়িয়ে পড়া ছবিতে হাজার হাজার মন্তব্য করা হয়েছে—‘তাকে দেখতে অনেক বয়স্ক লাগছে’, ‘তার কী হয়েছে’, ‘তুমি নিশ্চয়ই মজা করছ?’। অনেকে ৪১ বছর বয়সী রোনালদোর পাশে তার ছবি বসিয়ে ফিটনেসের তুলনা করছেন। পর্তুগিজ তারকার চেয়ে তিন বছরের ছোট হয়েও এভাবে ফিটনেস হারিয়ে ফেলার কারণও জানতে চেয়েছেন কেউ কেউ।
একজন লিখেছেন, ‘রোনালদো ও মেসির সঙ্গে যার লড়াই করার অভ্যাস ছিল, তার একি হাল!’ সাবেক ফুটবল তারকার চেয়ে তাকে অনেকটা ভিডিও গেমের চরিত্রও মনে হয়েছে এক ভক্তের কাছে, ‘জিটিএ ভি-এর ট্রেভর তিনি।’
রিভার প্লেটে ক্যারিয়ার শুরু। তারপর নাপোলি, এসি মিলান, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপ মাতিয়েছেন হিগুয়েইন। চেলসিতেও ছিলেন অল্প সময়ের জন্য। ২০২২ সালে মাত্র ৩৪ বছর বয়সে ইন্টার মায়ামিতে ক্যারিয়ার শেষ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তারপর থেকে জনসম্মুখে খুব একটা আসেননি। তার জীবন কেমন কাটছে তাও জানার সুযোগ হয়নি। শুধু এতটুকুই জানা ছিল, তিনি মায়ামিতে প্লেয়ার ডেভেলপমেন্ট কোচ হিসেবে আছেন। দীর্ঘ সময় পর যখন তার দেখা মিলল, ফুটবল ভক্তদের মনে ঝড় তুললেন তিনি।

