Homeখেলাধুলাবিশ্বকাপ স্বপ্ন শেষ ব্রাজিলের ‘মেসির’

বিশ্বকাপ স্বপ্ন শেষ ব্রাজিলের ‘মেসির’

মেসিনিও– যার বাংলা অর্থ দাঁড়ায় ছোট মেসি। বাম পায়ের জাদুতে পালমেইরাসে আলো ছড়িয়েছিলেন, এতটাই যে তার নাম হয়ে গিয়েছিল ছোট মেসি। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলের হয়ে আলো ছড়াতে পারতেন আসছে ২০২৬ বিশ্বকাপেও। কিন্তু চোট সে পথ আগলে দাঁড়াল।

চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করতে হবে চেলসির ‘ছোট মেসি’ এস্তেভাও উইলিয়ানকে। একটা ক্ষীণ আশা ছিল অবশ্য। গতকাল সেই আশাটাও শেষ হয়ে গেল। যখন তিনি জানলেন, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ জনের প্রাথমিক তালিকায় তার নাম নেই।

গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুর মাংসপেশিতে চোট পান ১৯ বছর বয়সী ‘মেসিনিও’ এস্তেভাও। সেই থেকেই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়।

শুরুতে আশা ছিল তিনি সময়মতো সেরে উঠবেন। কিন্তু ব্রাজিল ও চেলসির চিকিৎসকরা টুর্নামেন্টের আগে তার পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তা দিতে পারেননি। খেলোয়াড় নিজেও আঁচ করেছিলেন যে তার অংশগ্রহণ সম্ভব নয়। গত সপ্তাহে পুনর্বাসনের জন্য সাবেক ক্লাব পালমেইরাসে ফেরার সময় তাকে স্পষ্টতই মনমরা দেখা গেছে।

বিশ্বকাপের আগে এস্তেভাও দলে থাকা নিশ্চিত বলেই ধরা হচ্ছিল। আনচেলত্তিও প্রকাশ্যে এই তরুণের প্রশংসা করেছিলেন। গত গ্রীষ্মে পালমেইরাস থেকে ২ কোটি ৯০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।

এস্তেভাওয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও ও রদ্রিগোও চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন। আনচেলত্তির পরিকল্পনায় এই তিনজনই নিশ্চিত ছিলেন।

অন্যদিকে নেইমারের জন্য এটি সুখবর। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্নে এক ধাপ এগিয়ে গেলেন। ৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি দল থেকে বাদ পড়েছিলেন। এবার প্রথমবারের মতো প্রাথমিক তালিকায় জায়গা পেলেন তিনি।

জাতীয় দলগুলোকে ১১ মে’র মধ্যে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই তালিকা প্রকাশ না হলেও চূড়ান্ত ২৬ জনের দল এই তালিকা থেকেই বেছে নিতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments