Homeখেলাধুলাবিশ্বকাপ ঘিরে বিদেশি সমর্থকদের জন্য নিয়ম শিথিল করল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ঘিরে বিদেশি সমর্থকদের জন্য নিয়ম শিথিল করল যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চালু করা ভিসা বন্ড নীতি থেকে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্ট দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের আর ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হবে না।

বুধবার (১৪ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দেশগুলোর যেসব সমর্থক ফিফার মাধ্যমে ম্যাচের টিকিট কিনেছেন, তাদের ক্ষেত্রে এই বন্ড নীতি স্থগিত করা হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত রাখার নিয়ম চালু করেছিল। ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত পাওয়ার কথা ছিল।

মার্কিন প্রশাসনের দাবি ছিল, কিছু দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা বেশি। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণেও এই নীতি কার্যকর করা হয়েছিল। বৃহত্তর অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবেই নেওয়া হয় সিদ্ধান্তটি।

বর্তমানে প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য এই বন্ড ব্যবস্থা কার্যকর রয়েছে। এর মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া। ফলে ওই দেশগুলোর সমর্থকদের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিফার অফিসিয়াল টিকিটধারী সমর্থকদের আর বন্ড জমা দিতে হবে না।

এর আগে বিশ্বকাপের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব মোরাহ নামদার বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ফিফা বিশ্বকাপ আয়োজন করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড ব্যবস্থা প্রত্যাহার করছি।’ তিনি জানান, যারা ১৫ এপ্রিলের মধ্যে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য চালু করা ‘ফিফা পাস’ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারাই এই সুবিধা পাবেন।

ফিফাও এক বিবৃতিতে সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের সঙ্গে চলমান সহযোগিতার ফল হিসেবেই এই ছাড় এসেছে। সফল ও স্মরণীয় একটি বিশ্বকাপ আয়োজনের জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছে ফিফা।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে তুলনামূলক কমসংখ্যক সমর্থক এই বন্ড নীতির আওতায় পড়েছিলেন। তবে টিকিট বিক্রি বাড়া এবং কিছু ভ্রমণ পরিকল্পনা বাতিল হওয়ায় সংখ্যাটি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। জানা গেছে, বিশ্বকাপ দর্শকদের জন্য এই ছাড়ের প্রস্তাব প্রথম ফিফাই দেয়। পরে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও হোয়াইট হাউজের বিভিন্ন পর্যায়ে কয়েক মাস আলোচনা চলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments