Homeস্বাস্থ্যসেবাগরমে কোমল পানীয় এড়িয়ে ঘরেই বানান স্বাস্থ্যকর শরবত ও ডিটক্স ড্রিংক

গরমে কোমল পানীয় এড়িয়ে ঘরেই বানান স্বাস্থ্যকর শরবত ও ডিটক্স ড্রিংক

তীব্র গরমে শরীরে পানিশূন্যতা, বদহজম, গ্যাস কিংবা অম্বলের মতো সমস্যা বেড়ে যায়। এই সময়ে বাজারের কৃত্রিম কোমল পানীয় বা প্যাকেটজাত জুস সাময়িক স্বস্তি দিলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গরমে সুস্থ থাকতে প্রাকৃতিক ও ঘরে তৈরি পানীয়ই সবচেয়ে নিরাপদ।

ডাবের পানি, কাঁচা আমের শরবত, ঘোল কিংবা শসা-পুদিনার ডিটক্স পানীয় শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ক্লান্তি দূর করতেও সাহায্য করে। এসব পানীয়ে থাকা ইলেকট্রোলাইট ও ফাইবার গরমে শরীরের ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে লিভার ভালো রাখতেও সহায়তা করতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, গরমে ঘরেই কীভাবে তৈরি করবেন কিছু স্বাস্থ্যকর পানীয়—

ডাবের পানি ও চিয়া বীজের ড্রিংক

ডাবের পানিতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকায় এটি দ্রুত শরীরকে সতেজ করে। এক গ্লাস ডাবের পানিতে এক চামচ ভেজানো চিয়া বীজ ও সামান্য পুদিনাপাতা মিশিয়ে তৈরি করতে পারেন সহজ ও স্বাস্থ্যকর ডিটক্স পানীয়।

কাঁচা আমের শরবত

কাঁচা আম সেদ্ধ করে এর পাল্প বের করে নিন। এরপর এতে বিট লবণ, জিরা গুঁড়ো ও পুদিনাপাতা মিশিয়ে শরবত তৈরি করুন। গরমে হিট স্ট্রোক ও ক্লান্তি দূর করতে এই পানীয় বেশ কার্যকর।

ঘোল বা মাঠা

টকদই, সামান্য পানি, বিট লবণ, জিরা গুঁড়ো ও পুদিনাপাতা একসঙ্গে ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ঘোল। এতে থাকা প্রোবায়োটিক হজমশক্তি বাড়াতে সহায়তা করে এবং পেট ঠান্ডা রাখে।

বেলের শরবত

একটি পাকা বেল ভেঙে শাঁস বের করে নিন। শাঁস ভালোভাবে চটকে বীজ আলাদা করে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। এরপর স্বাদমতো চিনি বা গুড় মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। গরমে এটি শরীর ঠান্ডা রাখতে বেশ উপকারী।

ছাতুর শরবত

গরমে দ্রুত শক্তি ফেরাতে ছাতুর শরবতও দারুণ কার্যকর। দেড় লিটার পানিতে ৬ চামচ ছাতু গুলিয়ে নিন। এরপর এতে ৪ থেকে ৫ চামচ চিনি ও এক চিমটে বিট লবণ মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। চাইলে লেবুর রস যোগ করতে পারেন। রোদ থেকে ফিরে এই পানীয় দ্রুত ক্লান্তি দূর করতে সাহায্য করে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments