চলতি বছর অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিলেন আজিজুল হাকিম তামিমরা। এরপর থেকে যুব দলের আর কোনো প্রোগ্রাম বা ম্যাচ হয়নি।
এদিকে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগও। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুশীলন ক্যাম্প। এরপর থাকছে চার দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে একটি চ্যালেঞ্জ সিরিজও।
বিসিবির একটি কর্মকর্তা বলছিলেন, ‘একটা চ্যালেঞ্জ ট্রফি হবে। তিনটা বা চারটা দল থাকবে ৪৫ জনের স্কোয়াড নিয়ে। সেখানে ভালো খেলা ক্রিকেটারদের নিয়ে ২৪ থেকে ৩০ জনের একটা দল গঠন করা হবে। তাদের নিয়ে অনুশীলন হবে। বিদেশি সিরিজ নিয়ে কথা চলছে পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে যে একটা হোম সিরিজ নিয়ে।’
এদিকে যুবা দলের মেন্টর হিসেবে বড় চমকই দেখিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। এই সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে আছে, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

