টানা ৯ ম্যাচ জিতে ফ্রান্সের রাজধানীতে পা রাখছে বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে ১৬টিতে জয় দেখেছে তারা। আর এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচ খেলে জয় পেয়েছে ১১টি, একমাত্র হার নভেম্বরে আর্সেনালের কাছে। বুন্দেসলিগায় তারা জানুয়ারিতে হেরেছে অগসবার্গের কাছে।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন সব প্রতিযোগিতা মিলে করেছেন ৫৩ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১২টি। এছাড়া পিএসজির সঙ্গে শেষ পাঁচটি ম্যাচও তারা জিতেছে, এর মধ্যে এই মৌসুমেই প্যারিসে তারা ২-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন
এবারও পিএসজিকে নিয়ে ভীত নয় বায়ার্ন। কোচ ভিনসেন্ত কোম্পানি দলের ওপর আস্থা রাখছেন। সাবেক ম্যানসিটি অধিনায়ক বলেছেন, ‘আমরা এই বছর বার্নাব্যুতে জিতেছি এবং প্যারিসেও জয় পেয়েছি। প্যারিস অবশ্যই এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধারী। কিন্তু যদি কোনও দল এই চ্যালেঞ্জ নিতে পারে, তারা আমরাই। আমরা জানি প্যারিস কত ভালো, কিন্তু এই ম্যাচ আমরা জিততে চাই।’
ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি ও বায়ার্নের প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। প্রতিযোগিতার ইতিহাসে দুই দলের মধ্যে ১৫তম বার দেখা হচ্ছে। আর ৯ মৌসুমে নবমবার। টাচলাইনে নিষিদ্ধ থাকায় স্ট্যান্ড থেকে খেলা দেখতে হবে কোম্পানিকে। তার বিশ্বাস, ভালো ব্যবধানে এই লড়াই জিতবে মিউনিখ।
তিনি বলেন, ‘তাদের বিপক্ষে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের প্রতিপক্ষের জন্যও একই ব্যাপার। দুই দলেরই অনেক বেশি সৃজনশীলতা আছে, এটা তীব্রতা আর শক্তির ব্যাপার।’

