Homeজাতীয়বুদ্ধ পূর্ণিমায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি : মাসুদ করিম

বুদ্ধ পূর্ণিমায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি : মাসুদ করিম

আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন বৌদ্ধ বিহারের আশপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে, সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।

সমন্বয় সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিসি, ওসিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments