ফুটবলের মহারণ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার পথে। তারপরই পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের প্রস্তুতি। কিন্তু লিওনেল মেসির প্রস্তুতি শুরু হয়ে গেছে আরও অনেক আগে থেকে। ইন্টার মায়ামির জার্সিতে খেলার পাশাপাশি নিজের শরীরকে বিশ্বকাপের জন্য তৈরি করতে তীব্র খাটা-খাটুনি শুরু করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের শেষ লগ্নে প্রবেশ করছেন মেসি। আর কিছুই তার পাওয়ার নেই। ২০২২ সালে অধরা বিশ্বকাপও জিতেছেন। এখন যা পাবেন, তা সবই বাড়তি। কিন্তু তারপরও বিশ্বকাপকে হালকা করে দেখছেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী। বরং শারীরিক পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছেন এলএমটেন।
মেসির ক্লাব ও আন্তর্জাতিক সতীর্থ রদ্রিগো ডি পল জানালেন, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের শরীরকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে কঠোর পরিশ্রম করছেন তারা দুজনে।
আরও পড়ুন
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিরোপা পেলেও নিজেকে তৈরি করতে মেসি পর্দার আড়ালে থেকে জীবনের সবচেয়ে কঠিন অনুশীলন করছেন। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে নিয়মিত তো অনুশীলন করেনই, জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্সের জন্য ফিট থাকতে ডাবল ট্রেনিং শুরু করেছেন।

